কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালের নতুন সূর্যোদয়ে সুদিনের প্রত্যাশা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত পুবাকাশ। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। নতুন বছরের এই সূর্যোদয় নিয়ে এসেছে এক নতুন বার্তা, এক নতুন স্বপ্ন। ২০২৪ সালের হতাশা, ভুল-ত্রুটি, না পাওয়ার ব্যথা ভুলে গিয়ে ২০২৫ সাল শুরু হয়েছে নতুন উদ্যমে সফলতার পথে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে।

যদিও খ্রিষ্টীয় নতুন বছরের সূর্যোদয় ঘটে ভোরে, তবে নতুন বছরকে বরণ করে নেওয়া শুরু হয়েছিল গতকাল রাত ১২টায়, যখন ঘড়ির কাঁটা শূন্যের ঘর পেরিয়ে যায়। নতুন বছর মানেই নতুন স্বপ্ন আর অগ্রগতির সূচনা।

২০২৫ সালের খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেছেন, “নতুন বছরের বার্তা আমাদের উদ্বুদ্ধ করে, নতুন উদ্যমে সুন্দর আগামীর পথচলার প্রেরণা দেয়। এই মাহেন্দ্রক্ষণে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নতির শিখরে আরোহণের অঙ্গীকার করছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও স্বাধীনতার অঙ্গীকার অটুট রাখবে। দেশের কল্যাণে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সদা প্রস্তুত।”

তিনি নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন। একইসঙ্গে, ২০২৫ সালকে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনার আহ্বান জানান।

২০২৫ সাল রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বছর হতে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সামাজিক অগ্রগতির মাধ্যমে দেশের আরও উন্নতি হবে বলে প্রত্যাশা সবার।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি দীর্ঘ একচ্ছত্র শাসনের সমাপ্তি ঘটেছে। মানুষের ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে। দেশ নতুন এক সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে, যা জাতির জন্য একটি অনন্য সুযোগ।

অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। নির্বাচনপূর্ব নানা খাতে সংস্কার চালিয়ে মানুষের আশা পূরণে কাজ চলছে। দেশবাসী এখন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং অধিকার-সংরক্ষিত সমাজের প্রত্যাশা করছেন।

২০২৪ সালে অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের মানুষ আশাবাদী যে, ২০২৫ সালে অর্থনৈতিক খাত শক্তিশালী হবে। বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উন্নত হবে। রেমিট্যান্স বৃদ্ধির মাধ্যমে প্রবাসীদের আয় বাড়ানোও এই বছরের একটি বড় লক্ষ্য।

শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং আবাসনসহ মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা এখনো বিদ্যমান, তা দূর করে দেশের মানুষ প্রকৃত শান্তি এবং সচ্ছলতা কামনা করছেন।

নতুন বছর সবার জন্য বয়ে আনুক উন্নতি, সমৃদ্ধি এবং সুখ। বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ এবং উন্নত দেশ হওয়ার পথে।