পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার বেলা ১১টার পর তিনি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষসহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং উপস্থিতদের পরিচয় ও কাজের বিষয়ে জানতে চান। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা, খাবারের মান, ওয়াশরুম ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজ নেন তিনি।
এ সময় পুলিশ সদস্যদের মেসসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথাও শোনেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সংক্ষিপ্ত এই পরিদর্শন শেষে প্রায় ১০-১১ মিনিট অবস্থান করে থানা ত্যাগ করেন মন্ত্রী।














