চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকা থেকে তিন লাখ ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশার (দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাবে।
এর ভিত্তিতে ডাবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডে অবস্থিত দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়।”
মঙ্গলবার রাত ২টার দিকে একটি ট্রাক সেখানে পৌঁছালে গোয়েন্দা পুলিশ তা থামিয়ে ট্রাকটি আটক করে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।।
শরীফুল আলম বলেন, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে বানানো চেম্বারে লুকানো তিন লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাক চালককে আটক করা হয়।
গ্রেপ্তার ট্রাক চালক ৪৫ বছর বয়সি রুহুল আমিন পাবনার আতাইকুল থানার ধর্মগ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।









