মাদকের সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করাই মূল লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিন দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন এই সাংসদ।
ইশরাক বলেন, মাদকের সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করাই ছিল আমার মূল লক্ষ্য। ওই দিন চাঁদা তুলতে যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। তবে এ অভিযান অব্যাহত থাকবে।
পদত্যাগের কারণ জানিয়ে তিনি বলেন, আমার কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড কিংবা দল যেন বিব্রত না হয়, সেজন্য স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সংসদীয় আসনসহ গুরুত্বপূর্ণ সব কাজ চালিয়ে যাব। ভুল করলে বা কাউকে আঘাত দিলে দুঃখ প্রকাশ করছি। তবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি কোনো ভুল করিনি। নিরাপত্তার জন্য কিছুসময় হাতে অস্ত্র রেখেছিলাম।
এর আগে, ১৭ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন ঢাকা-৬ আসনের এই সাংসদ। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।












