দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামী কয়েক দিনজুড়ে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে রাতের মধ্যে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।














