চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া নগরবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে জনগণকে এ সংকট থেকে মুক্তি দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে ভোগান্তি বাড়ছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকাসহ দেশের অনেক শহরেই সামান্য বৃষ্টিতে পানি জমে যাওয়ার সমস্যা রয়েছে। নগর পরিকল্পনা, ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণেই এ পরিস্থিতি তৈরি হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই সমাধানে কাজ করছে সরকার। একই সঙ্গে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেললে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে।












