শেষবার আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি।
দুই দশকের পথচলা। কত জয়-পরাজয়ের সাক্ষী। সমর্থকদের কত উচ্ছ্বাস, ভালোবাসা আর করতালি। ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে কত খুনসুটি ভালোবাসা। কিন্তু সেসব এখন স্মৃতি হওয়ার পথে। ফুটবল কিংবা জীবনের নিয়ম বড় অদ্ভুত, চাইলেও কিছু সুন্দর মুহূর্ত চিরকাল ধরে রাখা যায় না। বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির ক্যারিয়ারেও ঠিক তেমনি এক বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে বুয়েন্স আয়ার্সে জীবনের শেষবারের মতো দলের সঙ্গে অনুশীলন সেরে নিলেন মেসি।
আলবিসেলেস্তেদের এই শেষ অনুশীলনের বেশ কিছু স্মৃতিকাতর ছবি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। আর সেই ছবিগুলোর ক্যাপশনে মেসি লিখেছেন ছোট্ট কিন্তু দারুণ এক বার্তা—‘আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো খুব মিস করব।’
কথাগুলো ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে কাটানো সোনালী সময়, সতীর্থদের সঙ্গে হাসি-কান্না আর ঘাম ঝরানো অসংখ্য অনুশীলন, অজস্র জয়-পরাজয়ের আনন্দ-বেদনা এবং দীর্ঘ অপেক্ষা শেষে কাতার বিশ্বকাপে সেই আরাধ্য সোনালী ট্রফি উঁচিয়ে ধরার অবিস্মরণীয় মুহূর্ত—সবকিছু মিলিয়েই তো লিওনেল মেসির রূপকথার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ছবিগুলোতে মেসিকে চিরচেনা হাসিমুখে সতীর্থদের সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে। এর মধ্যে একটি বিশেষ ছবিতে আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্য তো বটেই, সেই সঙ্গে মাঠের গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীরাও পোজ দিয়েছেন। আলোচিত সেই গ্রুপ ছবিটিতে সশরীরে উপস্থিত ছিলেন খোদ এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও।
https://www.instagram.com/p/DeIYRaQjDF-/embed/captioned/?cr=1&v=14&wp=675&rd=https%3A%2F%2Fwww.ntvbd.com&rp=%2Fsports%2Fnews-1815001%3Ffbclid%3DIwY2xjawUxtc9leHRuA2FlbQIxMABwZG9mAWJyaWQRMVpPeDk4b1FKWTMzRjVTYWhzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeEFFTpN3MyztW_bP68fDxpm2Nt7b07F6IIGh_JyEuMpSCiIiArSy6SaLJljI_aem_4H#%7B%22ci%22%3A0%2C%22os%22%3A963.5%2C%22ls%22%3A316.60000000009313%2C%22le%22%3A913.2999999998137%7D
এদিকে ফুটবল জাদুকরের এই জমকালো বিদায়ের মঞ্চ পুরোপুরি প্রস্তুত। আগামীকাল বুধবার ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ম্যাচটিকে কেন্দ্র করে কোচিং স্টাফরাও বেশ কিছু চমক রেখেছেন। এই বিশেষ বিদায়ী ম্যাচে দলে ডাক পেয়েছেন দলের বেশ কয়েকজন পুরোনো ও পরীক্ষিত মুখ। এর মধ্যে রিভার প্লেটের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি—যিনি নিজেও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন—তিনিও স্কোয়াডে আছেন।
এ ছাড়া মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল এবং রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসোও রয়েছেন দলে। তবে শেষ পর্যন্ত তাদের ঠিক কতটুকু সময় মাঠে দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে জনপ্রিয় আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ মুহূর্তে বড় কোনো চোট বা অপ্রত্যাশিত শারীরিক সমস্যা না দেখা দিলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে রাজত্ব করার কথা মেসির। আর তাদের ঘরের ছেলের এই ঐতিহাসিক বিদায় মুহূর্তটি চাক্ষুষ করতে কানায় কানায় পূর্ণ হতে চলেছে মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারি।
মেসির এই বিদায়কে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামজুড়ে থাকছে বর্ণাঢ্য সব আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা অতিথি শিল্পীরা এবং দর্শকদের জন্য থাকছে দারুণ কিছু চমক। তবে এই আয়োজনের সবচেয়ে বড় ও আবেগঘন আকর্ষণ হতে যাচ্ছেন ২০২২ কাতার বিশ্বকাপে মেসির ঠিক পাশ থেকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা চ্যাম্পিয়ন দলের প্রায় সব সদস্যই, যারা মাঠে উপস্থিত থেকে সাদনন্দন বিদায় জানাবেন তাদের চিরদিনের অধিনায়ককে।












