‘আমার জীবনের সুখের কমতি ছিল না। এই দুর্ঘটনা আমাকে একেবারে শেষ করে দিয়ে গেল। আমার দুই ছেলেকে এভাবে কেড়ে নিল কেন। আমি এখন কী করব, কী নিয়ে বাঁচব? আমার ঘর তো শূন্য করে দিল।’
বাড়ির উঠানে আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন মুহাম্মদ হারুন (৬২)। গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁর দুই ছেলে নিহত হয়েছেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুহাম্মদ হারুন হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা দুই ছেলের লাশ। হারুন কখনো এক অ্যাম্বুলেন্সের কাছে, কখনো অন্যটির কাছে ছুটছেন। স্বজনেরা তাঁকে ধরে বারবার ঘরে নেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁর আহাজারি থামছে না। অন্যদিকে দুই ছেলের লাশ বাড়িতে আসার পর থেকে শোবার ঘরে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা হামিদা বেগম
হারুনের নিহত দুই ছেলে হলেন মুহাম্মদ ইফতেখারুল (৩২) ও মুহাম্মদ ইমতিয়াজ (৩০)। তাঁরা এলাকায় তুষার ও ইরাদ নামে পরিচিত ছিলেন। ইফতেখারুল সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। তাঁর স্ত্রী, চার বছর বয়সী ছেলে ও চার মাস বয়সী মেয়ে রয়েছে। অন্য ছেলে ইমতিয়াজ ওমানপ্রবাসী। প্রায় তিন মাস আগে বিয়ের উদ্দেশ্যে তিনি দেশে আসেন। পরিবারের লোকজন তাঁর জন্য পাত্রী দেখছিলেন।


দুই ভাইয়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়। গ্রামে একসঙ্গে মৃত্যু ও পাশাপাশি দাফনের এমন ঘটনা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল দুপুরে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামে
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুহাম্মদ হারুন দীর্ঘ ৩৬ বছর সৌদি আরবে ছিলেন। প্রায় আট বছর আগে তিনি দেশে ফেরেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেরা ছিল ছোট। প্রবাসে থাকা অবস্থায় বড় দুই মেয়েকে পড়ালেখা করিয়ে বিয়ে দিয়েছেন। পাঁচ বছর আগে বড় ছেলে ইফতেখারুলকে বিয়ে করান।
মুহাম্মদ হারুন প্রথম আলোকে বলেন, ‘জীবনের ৩৬টি বছর পরিবারের সুখ-শান্তির জন্য সৌদি আরব কাটিয়েছি। আমি সফলও হয়েছিলাম। ছেলেদের মানুষ করে বিদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মেয়েদেরও বিয়ে দিয়েছি। অনেক আনন্দে আমার সময় কাটছিল। সবকিছু শেষ হয়ে গেল।’
দুই ভাই ছিলেন বন্ধুর মতো, পাশাপাশি দাফন
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতেখারুল ও ইমতিয়াজের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে যেতেন, একসঙ্গে আড্ডা দিতেন। বিদেশ থেকেও তাঁরা একসঙ্গে ছুটিতে দেশে এসেছিলেন।
সরেজমিনে দেখা যায়, বংশাল গ্রামের মসজিদসংলগ্ন কবরস্থানে দুই ভাইয়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছিল। গ্রামের ২০ থেকে ৩০ জন লোক কবর খোঁড়ার কাজ করছিলেন। সেখানে উপস্থিত অনেকেই বলছিলেন, এভাবে দুই ভাইয়ের একসঙ্গে কবর খুঁড়তে হবে, কখনো ভাবেননি তাঁরা। গ্রামে একসঙ্গে মৃত্যু ও পাশাপাশি দাফনের এমন ঘটনা ঘটেনি বলে তাঁরা জানান।
‘জীবনের ৩৬টি বছর পরিবারের সুখ-শান্তির জন্য সৌদি আরব কাটিয়েছি। আমি সফলও হয়েছিলাম।অনেক আনন্দে আমার সময় কাটছিল। সবকিছু শেষ হয়ে গেল।’
মুহাম্মদ হারুন, নিহত দুই ছেলের বাবা
দুই ভাইয়ের মামা মুহাম্মদ বাবুল ও মুহাম্মদ মাহিম ওমানে থাকেন। দুই ভাগনের মৃত্যুর খবর শুনে গতকাল সকাল ১০টার দিকে ওমান থেকে একটি ফ্লাইটে দেশে আসেন তাঁরা। তাঁদের আসার অপেক্ষায় দুই ভাইয়ের লাশ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা হয়। বাড়িতে পৌঁছানোর পর দুই মামাও সংজ্ঞা হারান। স্বজনেরা তাঁদের শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করেন।
গতকাল বেলা তিনটার দিকে স্থানীয় মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেষবিদায় জানাতে ইফতেখারুলের বন্ধু মুহাম্মদ পারভেজও সেখানে ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘এই মাসের শেষেই সংযুক্ত আরব আমিরাতে চলে যেতাম আমরা। কিন্তু তা আর হলো না। সে আমার ভাই ছিল, বন্ধু না।’


অ্যাম্বুলেন্সের ফ্রিজারে রাখা ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মুহাম্মদ হারুন। গতকাল দুপুরে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামে
দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপর মোটরসাইকেলে থাকা মুহাম্মদ শাহাদাত হোসেন (১৭) নামের আরেক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।
নিহত শাহাদাত হোসেন হাটহাজারীর মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব মেখল মৌলভী আবদুল হামিদ বাড়ির প্রবাসী শফিউল আজমের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুসার দোকান এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে অপর মোটরসাইকেলে থাকা শাহাদাত নামের আরেকজন হাসপাতালে মারা যায়। নিহত তিনজনের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে পরিবার। আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়েছে।










