কুমিল্লাবুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ইউপি সদস্যের

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৭, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও এক ব্যক্তি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামের দরগাহাটা-অলোড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। আহত ব্যক্তির নাম মোকিম। তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলী এবং তাদের সঙ্গে থাকা মোকিম একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। পথে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাহজাহান কাজীর বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল বাছেদকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

নিহতদের চাচা মনোয়ার হোসেন মিনু বলেন, সকালে বাজারে ২ ইউপি সদস্যের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারা আমাকে চা খাওয়ার কথা বলেন। পরে তারা চা খেয়ে ইউনিয়ন পরিষদের কাজে কাহালু যাওয়ার কথা জানান। কিছুক্ষণ পরই আমি দুর্ঘটনার খবর পাই। ধারণা করা হচ্ছে, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে। তারা একই মোটরসাইকেলে করে দরগাহাটার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।