রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর ও একটি দোকান।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তার বাবা মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ্র কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এ কারণে আগুন ছড়িয়ে পড়ার পর ঘর থেকে বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে কলোনির পশ্চিমপাড়ার একটি এলাকায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন অগ্নিকাণ্ডে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুনে ক্ষতিগ্রস্ত একটি ঘর থেকে শাহরিয়ার রহমান শুভ্রর মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ও যাচাই শেষে ফায়ার সার্ভিস বিস্তারিত জানাতে পারবে।












