কুমিল্লাসোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৪, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অনেক মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ বলেন, অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পোস্টে তিনি লিখেন, ‘গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।’

রাশেদ খাঁন আরও লিখেন, ‘ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।’

পোস্টে জামায়াতের কয়েকজন নেতার প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খাঁন লিখেন, ‘বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। যেকারণে ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।’

পোস্টের শেষে রাশেদ খাঁন বলেন, ‘একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ ওদের সাথে মেশে না। ওরা ওদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।’