বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল আবারও ইউরোপীয় ফুটবলে নিজের নাম উজ্জ্বল করলেন। বুধবার রাতে কোপেনহেগেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে একাধিক রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
ইয়ামালের করা গোলের মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগে আট গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
১৮ বছর ১৯৯ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি পেছনে ফেলেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে, যিনি এই রেকর্ড গড়েছিলেন ১৮ বছর ৩০২ দিনে।
এটাই প্রথম নয়, যখন ইয়ামাল এমবাপ্পের কোনো রেকর্ড ভাঙলেন। গত মৌসুমে তিনি মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করে ইতিহাস গড়েছিলেন।
কোপেনহেগেনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে তিনবার গোল ও অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন ইয়ামাল।
এই রেকর্ডে আপাতত তিনি এমবাপ্পের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
চলতি মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ইয়ামালের নামের পাশে এখন ১৩ গোল ও ১৩ অ্যাসিস্ট। বয়সের তুলনায় এমন পরিসংখ্যান ইউরোপীয় ফুটবলে তাকে সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন করে তুলেছে।
এই জয়ের ফলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে থেকে স্বয়ংক্রিয়ভাবে শেষ ষোলোতে জায়গা করে নেয়, যেখানে ট্রফি জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে বড় আত্মবিশ্বাস পেল দলটি।












