কুমিল্লারবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে গরু, বাসমতি চাল, কাতান শাড়ি, ইঁদুর মারার বিষ, সাবান, লোশন, বিভিন্ন ধরনের তেল, কুঁচিয়া মাছ, মেহেদি, মসলা, পোশাকসামগ্রী, ফুসকা, মিছরি, হরতকির গুঁড়া, স্কিন পাউডার, প্লাস্টিকের চুষনি, বিভিন্ন ওষুধ, চকলেট, আচার, চিপস, আটা, কাশির সিরাপ, মদ ও একটি সিএনজিচালিত যানবাহনসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।