কুমিল্লারবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মা ভর্তি হাসপাতালে, দেখতে এসে ৮ তলা থেকে পড়ে মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নূর (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে সে গাজীপুরের বোর্ডবাজার সাইনবোর্ডসংলগ্ন কলমেশ্বর এলাকায় থাকত। তার বাবা নুরুন্নবী স্থানীয় বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য সামিয়ার মা পারুল আক্তার (৪৫) পাঁচ-ছয় দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলার একটি ওয়ার্ডে ভর্তি হন। আগামী বুধবার তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। মাকে দেখতে হাসপাতালে এসেছিল সামিয়া।

সামিয়ার বাবা নুরুন্নবী জানান, মাকে খাবার দেওয়ার পর সামিয়া বিছানার পাশে কোমরসমান উঁচু জানালার মতো একটি জায়গায় বসে নিচের দিকে তাকাচ্ছিল। এ সময় তার মা বিছানার নিচে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ মাথা ঘুরে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সামিয়া।

নুরুন্নবী আরও জানান, নিচে পড়ে সামিয়ার ঘাড় ও একটি হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে সামিয়ার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়।