কুমিল্লার বুড়িচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি হরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর রফিকুল ইসলাম বাড়ির পাশে পুকুরপাড়ে একটি জামগাছের ডাল কাটতে যান। ডালটি কাটার পর বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












