কুমিল্লাশুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, দুই দিনে ২২টি সাপ নিধন

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৩, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি পুকুরপাড়ের লাকড়ির স্তূপ থেকে মা সাপসহ ২২টি সাপ পিটিয়ে মেরেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে সামসু মাস্টারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ধান্যদৌল গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী সাপের কামড়ে মারা যায়। ওই ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে বাড়িটির পুকুরপাড়ে লাকড়ির স্তূপের নিচে একটি বড় সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হন। পরে লাকড়ির স্তূপ সরিয়ে মাটি খুঁড়লে একাধিক সাপের বাচ্চা বেরিয়ে আসে। এ সময় একটি বড় সাপ ও ১৬টি বাচ্চা পিটিয়ে মারা হয় বলে স্থানীয়রা জানান।

এর আগের রাতে একই স্থান থেকে আরও চারটি সাপের বাচ্চা পিটিয়ে মারা হয়েছিল। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে সেখানে মোট ২১টি সাপের বাচ্চা ও একটি বড় সাপ মারা হয়েছে। এ সময় আরেকটি বড় সাপ গর্তে ঢুকে পালিয়ে যায় বলে দাবি তাঁদের।

মানচিত্র দেখুন

এদিকে, পুকুরপাড়ে একসঙ্গে এতগুলো সাপ পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পালিয়ে যাওয়া সাপটির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতা রয়েছে।