কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পরপেয়ে ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক (৬৫) ধামতী ইউনিয়নের দক্ষিনখার গ্রামের জমিরউদ্দীনের মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পথচারীরা আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমাম হাসান এবং উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের পক্ষে সোহাগ মিয়া তার বাবার মরদেহ শনাক্ত করে বলেন, তার বাবা মৃত আব্দুল খালেক গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নশু মার্কেটে’ গ্রাম্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানায়, নিহতকে উদ্ধারের পরও দেখা যায়, তার হাতে মুঠো অবস্থায় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক করে ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।












