গাজীপুরের টঙ্গীতে বাসার ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা-মায়ের পরে মেয়েরও মৃত্যু হয়েছে। নিহত তানিশা (১৬), ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান মিয়ার মেয়ে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকালে মুদাফা এলাকায় তাদের ভাড়া বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এ সময় ওই ঘরে আগুন ধরে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে লাল চান মিয়া (৬০), তার স্ত্রী নাসিমা (৫০) ও তাদের মেয়ে তানিশা (১৬) অগ্নিদগ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে লাল চান মিয়া ও নাসিমা মারা যায়।এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মেয়ে তানিশার মৃত্যু হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা-মায়ের পরে মেয়েরও মৃত্যু হয়েছে।












