কুমিল্লাশুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৩, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন আলী (৪০) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হয়বতপুরের সৈয়দ মোড় এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী থেকে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী তাবাসসুম স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তাবাসসুম পরিবহনের বাসটির হেলপার মিঠুন নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আটজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই মো. আলমগীর হোসেন।