সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সন্ধ্যায় মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং মারুফকে আটক করে
স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফের বাড়িতে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার পরও মারুফ বাড়িতেই ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মারুফ ওই গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।
নিহত আকরামের বাবা আব্দুর রহিম বলেন, আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেলো আর কেন হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযুক্ত মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোনো সহিংসতা না ঘটে, সে জন্য ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।











