কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিবির অর্থ কমিটির দায়িত্ব নিলেন বুলবুল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করে সব ধরনের ক্রিকেট বয়কট করেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

হস্পতিবার (১৫ জানুয়ারি) হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে জানানো হয়, নিজেদের অবস্থানে তারা অনড় থাকবেন। তবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ করলে তারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার কিছুক্ষণ পরই খবর আসে, ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

নাজমুল ইসলামের পরিবর্তে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

আরও পড়ুন: বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর ন্যস্ত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন: দাবি না মানা পর্যন্ত সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

বিসিবি পুনর্ব্যক্ত করে যে ক্রিকেটারদের স্বার্থ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার এখতিয়ারভুক্ত সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে, বিসিবি আশা করে যে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। এছাড়া ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।