‘একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু যায়-আসে না’, বোর্ড পরিচালক আসিফ আকবরের এমন মন্তব্যকে গ্রহণ করছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
বিশ্বকাপ নিয়ে মন্তব্য: আসিফ আকবরের সঙ্গে একমত নন বিসিবি সভাপতি
বিশ্বকাপে খেলা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে গ্রহণ করছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থানে এখনও তারা অনড়। বোর্ডপ্রধানের আশা, সবকিছু ঠিক হয়ে যাবে।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার নিয়ে তোলপাড় চলছে গত কদিন ধরেই। বোর্ড পরিচালকরাও বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থানের কথা বলছেন নানাভাবে। বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবরের তেমনই একটি মন্তব্য নিয়ে জানত চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সিলেট অঞ্চলের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনুল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাকে জিজ্ঞেস করা হয়, “পরিচালক আসিফ আকবর বলেছেন, একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু যায়-আসে না, আপনারও কি এমন মনে হয়?”
বিসিবি সভাপতি জানান, এমন মন্তব্যের কথা তার জানা নেই। পরে যোগ করেন, “বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করব খেলতে। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ…।”
ঠিক হওয়ার সেই অপেক্ষাতেই এখন আছে বিসিবি। ভারতের নিরাপত্তা সঙ্কটের জায়গাগুলি চিহ্নিত করে আইসিসিতে ই-মেইল করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। গত কিছুদিনে ভারতের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সংগঠন যে হুমকি দিয়েছ, সেসব খবর ও ভিডিওর লিংক সংযুক্ত করা হয়েছে সেই মেইলে।
বিসিবি প্রধান জানালেন, তারা অপেক্ষা করছেন জবাবের।
‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমাদের যতগুলো তথ্য দেওয়ার কথা ছিল, সব দিয়ে দিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’
আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে দীর্ঘদিন কাজ করা সাবেক এই অধিনায়কের ধারণা, সোম বা মঙ্গলবারের মধ্যে জবাব পেতে পারেন তারা।
বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের ভেন্যু কলকাতা, যেখানে নিরাপত্তা শঙ্কা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। কলকাতার বাইরে ভারতের অন্য কোনো শহরে খেলার প্রস্তাব দেওয়া হলেও বিসিবি মানবে না বলে জানালেন আমিনুল।
“ভারতের অন্য ভেন্যুও তো ভারতেই। সুতরাং ভেন্যু বড় কথা নয়।”
“আপনারা জানেন যে, আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।”
বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে আইসিসিও আগ্রহী হবে না বলেই বিশ্বাস আমিনুলের।
“আমি বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একটি বড় দল। গত ২৫ বছর ধরে আমরা যেভাবে খেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনাল খেলা বা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা, সব মিলিয়ে বাংলাদেশ অবশ্যই বড় দল। আর যেহেতু খেলাটা উপমহাদেশে হচ্ছে, সেটা আমাদের জন্য বাড়তি সুবিধা।”
সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে যে টালমাটাল অবস্থা, বিতর্কের যে ঝড়, সবকিছু মিলিয়ে আমিনুল অনুভব করতে পারছেন, বিসিবি প্রধানের কাজ কতটা কঠিন।
“কাজটা আমি আসার আগে যেভাবে ভেবেছিলাম, এখন দেখছি সম্পূর্ণ আলাদা। আমি আগে ক্রিকেটের উন্নয়নের কাজ করতাম, কিন্তু এই কাজটা একদমই আলাদা। প্রত্যেক দিন শিখছি। অনেকটা ছয় বলের ওভারের মতো দিন যাচ্ছে, কখনো চার মারছি, কখনো বিট হচ্ছি, তবে এখনও আউট হইনি।’












