রাজধানীর পল্লবীতে সাদা প্লাস্টিকের বস্তায় করে এক ব্যক্তিকে টেনে নেওয়ার সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘অপহরণ আলোচনার’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।
ওই ঘটনায় আলোচিত নজরুল ইসলামকে সোমবার চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তিনি নিজেই সেই ‘অপহরণ নাটকের’ হোতা।
ভিডিওটিতে নজরুল ইসলামকে ‘আর্মি হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক’ বলে প্রচার করা হলেও আদতে তিনি পল্লবীতে ‘দ্য স্যালভেশন আর্মির’ যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নজরুল ইসলামকে জোর করে তুলে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে তদন্তের ধারাবাহিকতায় নজরুলকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
এদিন সকালে কর্ণফুলী নদীতে ‘সি হাট-২’ নামের একটি ফিশিং জাহাজ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরেকজন ২৬ বছর বয়সী তারেক ওরফে রিপন সম্পর্কে নজরুলের ভাতিজা।
তাদের গ্রেপ্তারের তথ্য দিলেও এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে পরে জানানোর কথা বলেছেন তিনি।
৫০ বছর বয়সি নজরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর থানার শুকুর আলীর ছেলে। তিনি প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে রাজধানীর পল্লবীর ওই ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছেন। তিনি রাতের বেলা ক্লিনিকের গেটের পাশে একটি ছোট টেবিলে বসে দায়িত্ব পালন করেন।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নজরুল রাতে নিরাপত্তার দায়িত্বে যোগ দিয়েছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে বদলি নিরাপত্তারক্ষী দানিয়েল সরকার এসে নজরুলকে দায়িত্বে না পেয়ে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান।
পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় করে কিছু একটা টেনে নিয়ে ক্লিনিকের গেইটের সামনে রাখেন। তখন বস্তার ভেতরে মানুষের নড়াচড়া দেখা যাওয়ায় ‘বস্তায় ভরে নজরুলকে অপহরণ’ বলে প্রচার করা হয়।
পুরো ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলেছে, প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল নিজেই বস্তা থেকে বের হয়ে আসেন। এর কিছুক্ষণ পর অন্য একজন ব্যক্তির সঙ্গে রিকশায় ওঠে চলে যান।
এ নিয়ে আলোচনার বিষয়টি নজরে এলে নজরুলের খোঁজে নামে পুলশ। এর প্রেক্ষিতে নজরুলকে তার সহযোগীসহ গ্রেপ্তারের তথ্য জানানো হল।









