কুমিল্লামঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করে।

সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

তিনি জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, বাজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন ধরনের শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুচকা, তাস, চকলেট, অলিভ অয়েল, রেড বুল এনার্জি ড্রিংকস, নবরত্ন তেল, সেভেন অয়েল, ওরিও বিস্কুট, কিশমিশ, লাগেজ, গাঁজা, মদ, বিয়ার, ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।