কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন ও পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নুর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেশীশক্তি প্রদর্শন পূর্বক সংগঠনের সহযোদ্ধাদেরকে অন্যায় ভাবে রক্তাক্ত করা সহ নানা অত্যাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ দুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য; গত ১৩ আগস্ট নাঙ্গলকোটের ঢালুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে আওয়ামী বিরোধী একটি মিছিলে স্থানীয় সাংসদ গ্রুপের সমর্থক মোমিন,নুরু,সুজনের নেতৃত্বে একটি সশস্ত্র দল হামলা করে ব্যাপক রক্তাক্ত ও হতাহত করে।
এই ঘটনায় ছাত্রদল নেতা আমির হামজা মুন্না,মাহফুজুর রহমান,শহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিলসহ অনেকে গুরুতর আহত হন।












