সাফ টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোকে কাজে লাগাতে বড় এক সুযোগ এসে কড়া নেড়েছে দরজায়।কিরগিজস্তানের মাটিতে একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ফুটবল ইউনিয়ন।
বাফুফে সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেশটির পক্ষ থেকে অনানুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া গেছে।আসন্ন আন্তর্জাতিক উইন্ডোগুলোতে জাতীয় দলের জন্য অন্তত চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করতে চায় বাফুফে, যার মধ্যে দুই থেকে তিনটি ম্যাচই হতে পারে কিরগিজস্তানের মাটিতে।
এর আগে ২০২১ সালেও কিরগিজস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ।সেবার ফিলিস্তিনের কাছে ২-০ এবং স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে সেপ্টেম্বর ও অক্টোবর ফিফা উইন্ডোকে সামনে রেখে জাতীয় দলের জন্য একটি বিশেষ ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে।আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।












