কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের (১৫ ব্যাচ) শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত পরিবারের অন্যান্য সদস্যরা হলেন–ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), ফাইজান (৫), মিথিলা মেহজাবিন (২৩) ও মালিহা (২৮)।
নিহতদের স্বজন জবি শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পরিবারের ছয়জন এই ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে আমার চারজন মেয়ে কাজিন, একজন ছেলে কাজিন এবং আমার এক মেয়ে কাজিনের ছোট সন্তান ফাইয়াজ রয়েছে। নাফিজ ও নাবিলাও আমাদের আত্মীয়। তারা আমার মায়ের ফুফাতো বোনের পরিবারের সদস্য।
তিনি আরও বলেন, তার পরিবারের মোট ১০ জন সেখানে ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যে তার এক দুলাভাই গতকাল রাতে আগেই ফিরেছেন। আর বাকি যে নয়জন ছিলেন, তার মধ্যে তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
প্রসঙ্গত, শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান চালানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। গত জুনে পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের সূত্রপাত, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে।












