কুমিল্লাশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিচ্ছিন্ন হলো যুবকের ডান হাত

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৭, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসিবুর মোল্লা (৩০) নামে এক যুবকের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসিবুর মোল্লা বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি কাশিয়ানী উপজেলার ধলগ্রাম এলাকার হোসেন আলী মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর নিজ বাড়ি কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে কোটালীপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ও আঘাতের গুরুতর বিবেচনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানান, দুর্ঘটনায় ওই যুবকের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।