কুমিল্লারবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিফার দেয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর সংঘটিত সংঘর্ষের ঘটনায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। একই ঘটনায় আরেক আলবিসেলেস্তে তারকা নাহুয়েল মলিনা ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। এছাড়া থিয়াগো আলমাদা, সহকারী কোচ রবার্তো আয়ালা এবং স্পেনের তারকা গাভিও বিভিন্ন মাত্রায় শাস্তি পেয়েছেন।

গত শুক্রবার লা বোম্বোনেরায় লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-০ গোলের নাটকীয় জয়ের পর এই শাস্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার ফিফার সিদ্ধান্তকে ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন এবং নিশ্চিত করেছেন যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

ক্লাউসুরা টুর্নামেন্টের ম্যাচ শেষে পারেদেস বলেন, ‘আমার কাছে এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। কারণ অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অথচ সেই-ই আমাকে বুকে ঘুষি মেরেছিল। যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন আমাদের শুধু আপিল করতে হবে এবং দেখতে হবে নিষেধাজ্ঞাটা কমানো যায় কি না; এটাই।’

তবে নিষেধাজ্ঞা কমানোর জন্য আপিলের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দল একটি ভালো খবরও পেয়েছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই কার্যকর করা যাবে, যা শুরুতে বিবেচনায় ছিল না। এর ফলে পারেদেস, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং এমনকি লিওনেল স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাও ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞার ম্যাচগুলো পূরণ করতে পারবেন।

২০২৬ সালের বাকি সময়ে ফিফার সূচিতে দুটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। প্রথমটি ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত, যেখানে সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। দ্বিতীয়টি ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, যেখানে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলা যাবে।

অর্থাৎ পারেদেস যদি পুরো ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এভাবেই পূরণ করতে চান, তাহলে ২০২৬ সালে তিনি সর্বোচ্চ ছয়টি ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন।

তবে পারেদেস স্পষ্ট করে দিয়েছেন, এএফএ নিষেধাজ্ঞা কমানোর সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে বিশ্বকাপ বাছাইপর্ব কিংবা ২০২৬ সালের পর পর্যন্ত তাকে নিষেধাজ্ঞা ভোগ করতে না হয়।

তিনি বলেন, ‘আমার মনে হয় নিষেধাজ্ঞাটা কমানো সম্ভব, কারণ আমার কাছে এটি অতিরিক্ত মনে হচ্ছে। এ নিয়ে কিছু মানুষ কাজ করছেন। আশা করি, আমরা সেটা করতে পারব।’