কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।
মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় দেখা যায় থাকে। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।












