ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আবেদন সরকার নাকচ করে দেওয়ায় বিক্ষোভে নেমেছেন তার সমর্থকেরা। এই বিক্ষোভ ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ।
সপ্তাহব্যাপী চলা এই সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং থানা, ব্যাংক, এমনকি সাবেক অন্তর্বর্তী সরকারপ্রধান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও হামলা চালানো হয়েছে।
গত বছর শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তার নেতৃত্বাধীন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির সমর্থকেরা রাস্তায় নামলে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চলতি মাসের শুরুর দিকে দেশে ফেরার অনুমতি চেয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।


তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বলছে, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি এবং ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তির আওতায় কেবল তাকে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।
এই অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘তারা বাংলাদেশ ও এ দেশের মানুষের স্বার্থের দিকে তাকায়নি। একই সঙ্গে সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু… সেই প্রভুদের সন্তুষ্ট করতেই তারা আবার বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’
তাহলে শেখ হাসিনা এখনো কেন দেশে ফিরতে চাইছেন এবং সাম্প্রতিক এই বিক্ষোভগুলো কি স্বতঃস্ফূর্ত, নাকি পূর্বপরিকল্পিত?
প্রাণঘাতী এই বিক্ষোভ সম্পর্কে কী জানা যাচ্ছে?
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন; যাদের মধ্যে তিনজন রাজনৈতিক কর্মী এবং একজন বাসশ্রমিক রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, নড়াইল জেলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুজন কর্মী নিহত হন। এর প্রতিশোধ নিতে জেলার আওয়ামী লীগ সমর্থকদের এক ডজনেরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপির সমর্থকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইলের এক বাসিন্দা জানান, জেলায় অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপিকে তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমরা আতঙ্কিত। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া আমাদের নারী ও শিশুদের ঘরের ভেতরে থাকতে বলেছি।’
পুলিশ জানিয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে বন্দরনগরী চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘দুর্বৃত্তরা বাড়িটির পূর্ব পাশে আগুন ধরিয়ে দেয়। ওই অংশটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো।’ তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ড. ইউনূস তার সমর্থকদের রোষানলের শিকার হয়েছেন। ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, তাদের ২২টি শাখায় অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সারা দেশে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, শেখ হাসিনার নিজ জেলা এবং তার দলের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের প্রভাষক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান আল জাজিরাকে বলেন, এই বিক্ষোভগুলো পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছে না।
তিনি বলেন, ‘বিক্ষোভগুলো যদি সত্যিকার অর্থেই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হতো, তবে দেশের বিভিন্ন প্রান্তে আরও ব্যাপক জনসম্পৃক্ততা ও অংশগ্রহণ দেখা যেত। এর পরিবর্তে আমরা দেখছি, বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের মতো এলাকাগুলোতে সীমাবদ্ধ, যেগুলো ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সমর্থনভিত্তিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।’
এই বিশ্লেষক উল্লেখ করেন, দেশের অন্যান্য প্রান্তেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও মিছিলের খবর পাওয়া গেলেও অন্তত এখন পর্যন্ত এর ব্যাপ্তি ও ভৌগোলিক বিস্তৃতি দেশব্যাপী গণ-আন্দোলনের চেয়ে স্থানীয় অস্থিরতারই ইঙ্গিত দেয়।
খন্দকার তাহমিদ রেজওয়ান আরও বলেন, ‘জনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এসব ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে এখন পর্যন্ত বিক্ষোভের যে ধরন দেখা যাচ্ছে, তা বর্তমান সরকারকে বড় কোনো চ্যালেঞ্জের মুখে ফেলার মতো দেশব্যাপী আন্দোলনের ইঙ্গিত দেয় না।’
সহিংসতার শুরু যেভাবে
গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সরকার প্রত্যাখ্যান করার পরপরই সাম্প্রতিক এই বিক্ষোভ শুরু হয়। ১৯৯৬ থেকে ২০০১ এবং পরবর্তী সময়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। তবে তার প্রায় ১৫ বছরের কঠোর শাসনামল বিভিন্ন মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়ে।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং গত ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা জানিয়েছিলেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলেই দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
কিন্তু বর্তমান সরকার তার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।


চলতি মাসের শুরুর দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘হাজার হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না। সন্ত্রাসী হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় কাজ করবে সরকার।’
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো পথ খোলা নেই।’
বিক্ষোভকারীরা শেখ হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাবন্দী দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানিয়ে আসছেন।
শেখ হাসিনা কেন বাংলাদেশে ফিরতে চাইছেন?
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জনগণের একটি অংশের মধ্যে শেখ হাসিনার এখনো সমর্থন রয়েছে, আবার অন্য একটি বড় অংশ তার ফাঁসি দেখতে চায়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
তবে তার দেশে ফিরতে চাওয়ার পেছনের আসল কৌশলটি এখনো স্পষ্ট নয়। আইনের মুখোমুখি হওয়ার জন্য তিনি সত্যিই ফিরতে চাইছেন কি না, তা নিয়ে কোনো কোনো বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। অন্যদের মতে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থেকে নিজের রাজনৈতিক ভাগ্য পুনরুজ্জীবিত করার কৌশল হিসেবেই তিনি দেশে ফেরার প্রতিশ্রুতি দিচ্ছেন। ২০২৪ সালের আগস্টে ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই কয়েক দশকের ঘনিষ্ঠ মিত্র নয়াদিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আসছে। তবে ভারতে তার দীর্ঘ অবস্থান এখন দুই দেশের মধ্যে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান মনে করেন, বাংলাদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার এই নতুন তৎপরতার পেছনে পারস্পরিক সম্পর্কযুক্ত বেশ কয়েকটি কারণ রয়েছে।


তিনি বলেন, ‘প্রথমত, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ১০ মাস পার হয়েছে এবং এই সময়ে মূল্যস্ফীতির চাপ, অর্থনৈতিক স্থবিরতা ও জ্বালানি সংকটসহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এসব সংকটের পেছনে দেশের অভ্যন্তরীণ কারণের চেয়ে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রভাবই বেশি। কিন্তু সাধারণ মানুষের কাছে এই জটিল বাস্তবতা তুলে ধরা বেশ কঠিন। এর দৈনন্দিন প্রভাব অনিবার্যভাবে জনগণের মনোবল ও সরকারের ওপর আস্থাকে প্রভাবিত করে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হবে নাকি রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার সুযোগ দেওয়া হবে—তা নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক।’
রেজওয়ান উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও সাজা নিশ্চিত করার কথা বলছেন আন্তর্জাতিক মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দলটির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়ে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত।
তিনি যোগ করেন, ‘তৃতীয়ত, ভারতের ভূমিকা, যা পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই। ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ভারতের কাছ থেকে বিভিন্ন মাত্রায় সহায়তা পেয়ে আসছেন বলে জানা যায়। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে রেখে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিশেষ কোনো ব্যবস্থার অধীনে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নয়াদিল্লি কোনো সমঝোতার পথ খুঁজছে কি না, তা নিয়েও আলোচনা ও জল্পনা রয়েছে।’
বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী বলেন, সাজা ভোগ করার জন্য দেশে ফেরার কোনো ইচ্ছা শেখ হাসিনার নেই। আল জাজিরাকে তিনি বলেন, ‘আমার মূল্যায়ন হলো, সমর্থকদের চাঙা করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই তিনি দেশে ফেরার কথা বলছেন।’
আনসারী জানান, এই সহিংসতা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে; পূর্ব লন্ডনের রমফোর্ডে সংসদ সদস্য ও ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের গাড়িবহরে আওয়ামী লীগ সমর্থকেরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি বলেন, ‘অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে উপস্থাপন করা যায় না। প্রতিবেশী দেশের উচিত, বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতা সংগঠিত করা বা উসকে দেওয়ার কাজে যেন তাদের ভূখণ্ড ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা।’
আওয়ামী লীগের বিক্ষোভের রাজনৈতিক প্রভাব কী?
বিক্ষোভ দমনে পুলিশ মোতায়েনের পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দুই নেতাই বৈঠকটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা করছেন এটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে। রোববার (২২ নভেম্বর) তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়ে থাকলে তা ভালো। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে চাই। উদ্যোগটির পেছনে যদি সত্যিই সদিচ্ছা থাকে, তবে আমরা এর সফলতা কামনা করি।’
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে যদি বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্বার্থ এক বিন্দুতে মিলে যায়। বিশেষ করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় জায়গা করে নেওয়া থেকে বিরত রাখতে দল দুটি যদি তাদের বিদ্যমান মতপার্থক্যগুলো একপাশে সরিয়ে রাখে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বাইরে জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক সংগঠন, যাদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত কাঠামো, তুলনামূলক সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং রাজনৈতিক গণজমায়েতের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এটি আওয়ামী লীগের নিজস্ব শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক ও তৃণমূল পর্যায়ের তৎপরতা মোকাবিলায় দলটিকে উল্লেখযোগ্য সাংগঠনিক সক্ষমতা দেয়।’
রেজওয়ান উল্লেখ করেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের অবশিষ্ট সমর্থনের মাত্রা। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় জনগোষ্ঠী কীভাবে সাড়া দেবে? তার প্রত্যাবর্তন কি তৃণমূলের সমর্থকদের আবার চাঙা করবে, নাকি সাংগঠনিক বিপর্যয় ও রাজনৈতিক বিচ্ছিন্নতা তাদের সংগঠিত হওয়ার পথ আটকে রাখবে?’
এই শিক্ষক আরও বলেন, ‘সবশেষে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকাতে বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সমঝোতা হলে তা কতটা টিকবে বা কার্যকর হবে, তা কেবল শীর্ষ নেতাদের আলোচনার ওপর নির্ভর করে না। বরং দল দুটি নিজেদের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা কীভাবে সামলায় এবং সাধারণ ভোটারদের পরিবর্তনশীল মনোভাবের প্রতি কীভাবে সাড়া দেয়, তার ওপরও বিষয়টি নির্ভর করবে।’












