কুমিল্লাসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু খাদ্যে ক্ষতিকর কাপড়ের রঙ, বুড়িচংয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং বাজারে শিশুদের খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রঙ ও সিঁদুরের রঙ ব্যবহারের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে ইচ্ছেমতো পরীক্ষার মূল্য নির্ধারণ ও জীবন বিপন্নকারী কার্যক্রমের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির প্রতিষ্ঠান পরিদর্শনকালে চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপসে নিষিদ্ধ শিল্পকারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) এবং সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরি করায় এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড) নামের প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লার নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী মো. সাকিব।