কুমিল্লাবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৬, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডিদার ও খাদলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, বাসমতি চাল, অরিও বিস্কুট, ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইস্কাপ সিরাপ ও বাইসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ব্যাটালিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিজিবির ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ প্রত্যয় বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।