২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ চারে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। ফলে ফাইনালের একটি টিকিট নিশ্চিত করেছে স্পেন। এবার নজর দ্বিতীয় সেমিফাইনালে, যেখানে বুধবার (১৫ জুলাই) রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
বিশ্ব ফুটবলের এই মহারণের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিভিন্ন পূর্বাভাস মডেল আর্জেন্টিনাকেই সামান্য এগিয়ে রাখছে। বিশ্লেষণে দলগুলোর এবারের পারফরম্যান্স, খেলোয়াড়দের শারীরিক অবস্থা, ইনজুরি ও নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতি, পাশাপাশি নকআউট ম্যাচে চাপ সামলানোর সক্ষমতাকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন বেইন স্পোর্টসের।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারিয়ে। পুরো টুর্নামেন্টে দলের নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছেন।


অনুশীলন করছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
অন্যদিকে ইংল্যান্ড ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। মিডফিল্ডে জুড বেলিংহাম দুর্দান্ত ছন্দে থাকলেও টানা কঠিন ম্যাচ খেলার কারণে কিছুটা শারীরিক ক্লান্তি এবং রক্ষণভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতি দলটির জন্য চিন্তার কারণ হতে পারে।
কী বলছে এআই?
কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোলে সমতায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২-১ ব্যবধানে জয় তুলে ফাইনালে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে এআই। পূর্বাভাসে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৮ শতাংশ, আর ইংল্যান্ডের সম্ভাবনা ৪২ শতাংশ।












