কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-বাংলাদেশের ফুটবলীয় সম্পর্ক এখন আর নতুন নয়। ভিন্ন মেরুর দুই দেশ মিলেছে ফুটবলের সুতোয়। বাংলাদেশের ফুটবল ভক্তদের ভালো চেনেন আর্জেন্টিনার তারকারা। কোচ লিওনেল স্কালোনিও এর ব্যতিক্রম নন। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশে আলাদা করে কথা বলেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে আজ বুধবার (১৫ জুলাই) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরে অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

এই ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চান বলে জানিয়েছেন স্কালোনি। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, ‘আশা করি আমরা এমন একটি ফল আনতে পারব, যা তাদের আনন্দ দেবে। সেটাই আমাদের লক্ষ্য।’

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে জয়ের পর মিক্সড জোনে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান।

এমি বলেছিলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। আমি সেখানে গিয়ে সেটা নিজের চোখে দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’