২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েই ডেথ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। ইরাকের পর সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করে বিশ্বকাপের শেষ ৩২–এ নরওয়েকে তুলে দেওয়ার পরও সমর্থকদের বাস্তববাদী থাকার আহ্বান জানিয়েছেন আর্লিং হলান্ড। দলের দারুণ পারফরম্যান্সে সমর্থকরা শিরোপাস্বপ্নে বুঁদ হলেও সেই সম্ভাবনা হলান্ড নিজেই উড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে ২৫ বছর বয়সী হলান্ড সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করে তার দুর্দান্ত আন্তর্জাতিক ফর্ম অব্যাহত রেখেছেন। এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে গ্রুপ ‘আই’-এ নরওয়ের ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তারা শেষ ৩২ নিশ্চিত করে। ১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে সক্ষম হলো।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে হালান্ড কোনো বড় প্রত্যাশা তৈরি করতে চাননি। নিজের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচেই একাধিক গোল করে একটি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেও তিনি বিশ্বজয়ের আলোচনা উড়িয়ে দেন।
হালান্ড বলেন, ‘আমি এসব নিয়ে ভাবি না, আমরা পরের রাউন্ডে উঠেছি। সম্ভবত তারা (ফ্রান্স) আমাদের হারাবে এবং পুরো টুর্নামেন্টও জিতবে।’
পরে যখন হলান্ডকে জিজ্ঞেস করা হয়, এই বিশ্বকাপ কি শেষ পর্যন্ত তার এবং নরওয়ের হয়ে উঠতে পারে কি না, তখনও তিনি অতিরিক্ত আশাবাদে ভাসতে রাজি হননি।
তিনি বলেন, ‘আপনি কী বোঝাতে চান তার ওপর নির্ভর করে। ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব পার হওয়া; হ্যাঁ, সে অর্থে বলতে পারেন। কিন্তু বিশ্বকাপ জয়? একদমই না। আমাদের একটু বাস্তববাদী হতে হবে এবং আজ পৃথিবীর প্রতিটি নরওয়েজিয়ানের মতো খুশি হতে হবে।’
ঐতিহাসিক এই সাফল্যের পর নরওয়ের সমর্থকদের মধ্যে শুরু হয় উন্মাতাল উদযাপন। বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে মেতে ওঠেন হাজারো সমর্থক। দলের খেলোয়াড়রাও মাঠে নেমে সমর্থকদের সঙ্গে এই স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেন।
হালান্ড বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। ম্যাচের আগে আমি আর মার্টিন ওডেগার্ড কথা বলছিলাম, সবকিছু ঠিকঠাক হলে আমরা উদযাপনে যোগ দেব কি না। শেষ পর্যন্ত তাই হয়েছে। আমার মনে হয় পুরো নরওয়ের জন্যই এটা ছিল বিশেষ এক মুহূর্ত।’
তিনি আরও যোগ করেন, ‘আমার পুরো জীবনের সবচেয়ে বড় রাতগুলোর মধ্যে এটি অবশ্যই একটি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর যেমন অনুভূতি হয়েছিল, অনেকটা তেমনই লাগছে। এটা বিশাল এক অর্জন। আমি ভীষণ গর্বিত।’
আগামী শুক্রবার (২৬ জুন) নরওয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের, যে ম্যাচে নির্ধারিত হবে ‘আই’ গ্রুপ শীর্ষস্থান।











