কুমিল্লাসোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, মনে করেন স্ক্যালোনি

প্রতিবেদক
Cumilla Press
জুন ২২, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অতিরিক্ত গরম থেকে প্লেয়ারদের সুরক্ষার জন্য ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে দুটি পানীয় বিরতির নিয়ম করেছে ফিফা। প্রথমার্ধে ২২ মিনিটের পরে ও দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের পরে ওই দুটি বিরতিতে বিজ্ঞাপন দেখানো হয়।

এখন পর্যন্ত অনেকেই এর সমালোচনা করেছেন। মার্সেলো বিয়েলসা, রোনাল্ড কোম্যান, ভার্জিল ফন ডাইকদের সেই কাতারে এবার যোগ দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি মনে করেন, এই বিরতি দুটি ম্যাচের ছন্দ/ধারাবাহিকতা নষ্ট করে দেয়। নিয়মটির সমালোচনা করলেও ভবিষ্যতে দলগুলো এটার সঙ্গে মানিয়ে নেবে বলে মন্তব্য করেছেন মেসিদের কোচ।


অস্ট্রিয়া ম্যাচের সংবাদ সম্মেলনে স্ক্যালোনি এই কথা বলেন। তার ভাষ্য, ‘এটি করা হয়েছে খেলোয়াড়দের আরও সময় ও সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ধারাবাহিকতা কিছুটা ভেঙে যায়। খেলা চার ভাগে ভাগ হয়ে যাওয়ার বিষয়টি এখন প্রায় বাস্তবতায় পরিণত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এখন আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করতে হবে।’


তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, শুধু এই বিরতিগুলোর কারণেই একই ম্যাচের চিত্র একদম বদলে যায়। কারণ তখন কোচ ও খেলোয়াড়রা ভুলগুলো ঠিক করার সুযোগ পায়। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আরও উন্নত হবে। কেউ কেউ কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করে বিশ্লেষণ দেখায়। আর আমরা বেশি গুরুত্ব দিই মুখোমুখি আলোচনা ও কথাবার্তায়। প্রত্যেকেরই নিজস্ব কাজের ধরন বা ‘‘প্লেবুক’’ রয়েছে।’


হাইড্রেশন ব্রেকের কারণে কি কোনো নির্দিষ্ট দল সুবিধা পায়? স্ক্যালোনি শুরুতে দুর্বল দলের প্রতি সায় দিলেও পরে মত বদলেছেন। তিনি বলেন, ‘মাঝেমাঝে আমি এটা বলে বিভ্রান্ত হয়ে যাই যে, শুধু দুর্বল দলই লাভবান হয়। যে দল আক্রমণাত্মক খেলতে চায়, তারাও নিজেদের কৌশল নতুন করে সাজানোর সুযোগ পায়।’