যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ৫৫ জন খেলোয়াড়ের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এই তালিকা থেকেই আগামী সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এই ইতালিয়ান।
৪১ বছর বয়সেও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন থিয়াগো সিলভা
ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে আলোচিত মুখ নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ব্যক্তিগত চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন কি–না, তা গত কিছুদিন থেকেই আলোচনায়। স্বদেশের ক্লাব সান্তোসে দারুণ ফর্মে থাকা ৩৪ বছর বয়সী তারকাকে শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারলেন না আনচেলত্তি। যদিও প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া মানেই চূড়ান্ত দলে থাকার নিশ্চয়তা দিচ্ছে না।
নেইমারের পাশাপাশি ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে চমক হয়ে এসেছে থিয়াগো সিলভার নাম। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে সিলভা গত মৌসুমের শেষে ইউরোপে ফিরে যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। আনচেলত্তি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেলেন এই ৪১ বছর বয়সী। দলে একাধিক চোট সমস্যার কারণেই বিশ্বকাপে ফেরার সুযোগ তৈরি হয়েছে এই দুই তারকার।
তবে প্রাথমিক দলে থাকা মানেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা নিশ্চিত নয়।












