টালিউড ইন্ডাস্ট্রিতে শোকের আবহ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।
মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। আকস্মিক এ ঘটনায় সহকর্মী, পরিবার ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অভিনেত্রী অলোকানন্দা গুহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানান, কাজের অভাব ও সংগ্রামের কথা প্রণব তাকে জানিয়েছিলেন। তার এমন অকাল প্রয়াণে গভীর বেদনা প্রকাশ করেন তিনি।
নির্মাতা পাভেল ঘোষসহ ইন্ডাস্ট্রির অনেকেই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।
প্রণব চট্টোপাধ্যায় গত কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করছিলেন। বিভিন্ন ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পান। ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ও ‘ভগবান দাস’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়।
এর আগে সম্প্রতি আরেক অভিনেতার মৃত্যুর ঘটনায় টালিউডে শোকের আবহ তৈরি হয়েছিল। তারই মধ্যে প্রণবের মৃত্যু ইন্ডাস্ট্রির জন্য আরও বড় ধাক্কা হয়ে এলো।












