ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা। গত মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জামাল-হামজাদের ডাগআউটে দাঁড়িয়ে এ রেকর্ড গড়েন স্প্যানিশ এই কোচ। এ ম্যাচটি ছিল বাংলাদেশের ডাগআউটে কাবরেরার ৩০তম, যা দেশের হয়ে সর্বোচ্চ।
এতদিন বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচের দায়িত্ব পালন করার রেকর্ড ছিল জেমি ডে’র। ২০১৮ সালের মে মাস থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে ২৯টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। এরপর ২০২২ সালের ৮ জানুয়ারি জামাল-তারিকদের কোচের দায়িত্ব নেন হাভিয়ের কাবরেরা।
ইংলিশ কোচ জেমি ডে’র অধীনে বাংলাদেশ যে ২৯টি ম্যাচ খেলেছিল, তার মধ্যে ৯টিতে জয়, ৫ ড্র ও ১৫টিতে পরাজয়ের মুখে পড়েছিল। অন্যদিকে কাবরেরার অধীনে ৩০ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮ ম্যাচে, ৭টি ড্র এবং ১৫টি ম্যাচ তারা হেরেছে। জয়ের দিক থেকে কাবরেরার চেয়ে সামান্য একটু এগিয়ে আছেন জেমি ডে। তবে সাফল্যের দিক থেকে আবার এগিয়ে আছে কাবরেরা।
জেমি ডে’র অধীনে সেরা সাফল্য ছিল ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ফুটবলে বাংলাদেশের প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠা। আর কাবরেরার অধীনে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ।
জেমি ডে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পর অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজন ও মারিও লেমোস। ব্রুজনের অধীনে ৪ ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছিল। আর লেমোসের অধীনে ৩ ম্যাচ খেলে একটি জয় পেয়েছিল বাংলাদেশ।












