কুমিল্লাসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আমি দুঃখিত…’—বিশ্বকাপ ফাইনালের ৭ দিন পর স্কালোনির আবেগঘন চিঠি

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৭, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের ফাইনালের ঠিক সাত দিন পর নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন ও খোলা চিঠি পোস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। নিজের জন্মশহরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পুজাতো ছাড়ার পর এই বার্তাটি শেয়ার করেন তিনি।

স্পেনের বিরুদ্ধে ম্যাচে হারের পর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার চরম হতাশা প্রকাশ করে স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটি কাপ এনে দিতে পারলাম না।’ ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ ফুটবলপ্রেমী তাকে সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সান্তা ফের ঘরের সন্তান লেখেন, ‘দুঃখ এবং আনন্দ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে; অশ্রু ও হাসি, যন্ত্রণা ও প্রশান্তি; সবকিছু একসঙ্গে খেলা করছে।’ তিনি আরও জানান, নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি দলের খেলোয়াড়দের সবসময় ‘আমার যোদ্ধা’ বলে ডাকেন।

সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় স্কালোনি লেখেন, ‘যারা আমাদের চেনে না, তাদের করা কঠিন সমালোচনা নীরবে সহ্য করতে হয়েছে।’ এই লেখাটি তিনি বড় হাতের অক্ষরে লিখে সমালোচকদের কটাক্ষের গভীরতা বোঝাতে চেয়েছেন।তবে সব প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর এই সক্ষমতাকেই তিনি দলের ‘প্রকৃত ট্রফি’ হিসেবে আখ্যা দেন।

চিঠিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কোচিং স্টাফ ও পর্দার আড়ালের কর্মীদের ধন্যবাদ জানিয়ে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, ধরে নিন তার কাছে একটি মহামূল্যবান রত্ন রয়েছে।’

ডিসেম্বরেই আর্জেন্টাইন দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই হারের পর এবং চুক্তি নবায়ন নিয়ে নিজের অনিশ্চয়তা প্রকাশ করায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

তবে এএফএ সূত্রে জানা গেছে, আর্জেন্টাইন ফুটবল এখনই তাকে ছাড়তে রাজি নয়; ২০৩০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।