কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ে তুলতে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য।

মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।

তিনি জানান, দলটি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে শর্তাবলী পূরণ করে দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া, গঠনতন্ত্র প্রণয়নের কাজও চলমান রয়েছে। তিনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পরিণতি নির্ধারণের আহ্বান জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।