রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় গুম হওয়ার পর আজকের এই দিনেই মুক্তি পেয়েছিলেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দীর্ঘ চার দিন গুম থাকার পর পুনরায় রাজপথে ফিরে এসে তিনি আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন।


এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরবর্তীতে সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালন করে আসলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছে।












