কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৩, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী নেওয়া এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে জামায়াত। 

দলীয় সিদ্ধান্তের ফলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে আসনটি শূন্য হলে সম্ভাব্য উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এক অডিওবার্তায় হিরো আলম বলেন, দীর্ঘদিন ধরেই তার সংসদ সদস্য হওয়ার ইচ্ছা রয়েছে। তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো উপনির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

তিনি বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন এমপি হওয়া। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি নির্বাচনে দাঁড়াব। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই অংশ নেব। এবার দেখি জনগণ কী সিদ্ধান্ত নেয়।”

নিজের নির্বাচনী অভিজ্ঞতার কথা উল্লেখ করে হিরো আলম বলেন, এর আগে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। বিভিন্ন সময় তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থন যাচাই করতে চান বলেও জানান তিনি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হিরো আলম। ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন। নির্বাচনী প্রচারণার সময় হামলার অভিযোগের পর কয়েকটি নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি। ঢাকার সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি।

বগুড়ার একজন ক্যাবল অপারেটর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হয়ে ওঠা আশরাফুল আলম পরে রাজনীতিতেও সক্রিয় হন। নির্বাচনে অংশ নেওয়া ও রাজনৈতিক বক্তব্যের কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রে থাকলেও সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষার কথা বারবার জানিয়েছেন।