কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে কলকাতা হারলে যার ওপর ক্ষোভ ঝাড়েন শাহরুখ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৬, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আইপিএলের এবারের আসরে মাঠের পারফরম্যান্সে দারুণ ধারাবাহিক কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই জিতেছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। আর এই ম্যাচগুলো গ্যালারিতে বসে দারুণ উপভোগ করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান। তবে কলকাতা ম্যাচ হারলে নাকি মেজাজ হারান এই বলিউড বাদশাহ। এ নিয়ে মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির আরেক মালিক ও অভিনেত্রী জুহি চাওলা।

সাম্প্রতিক সময়ে প্রায় ম্যাচে শাহরুখকে মাঠে দেখা গেলেও, জুহির অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শোনা যায়। দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে কি না সেই আলোচনাও শুরু করেন অনেকে। তবে খেলা দেখতে মাঠে না আসার ভিন্ন কারণ জানালেন কেকেআরের এই সহ-মালিক। জুহি নাকি শাহরুখের সঙ্গে ম্যাচ দেখতে মোটেও পছন্দ করেন না, কারণ কলকাতা হারলে তার ওপরই নাকি সব ক্ষোভ যায়!

একটি সাক্ষাৎকারে জুহি চাওলা এই কথাগুলো বলছিলেন। তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা সহজ নয়, কারণ আমাদের দল যদি ভালো না খেলে, সে তার সমস্ত রাগ আমার ওপর প্রকাশ করে। আমিও তাকে বলি এসব কথা দলকে জানাতে। এ কারণেই আমরা একসঙ্গে ম্যাচ দেখি না। আমার মনে হয় দল যখন খেলে, সব মালিকই (চাপের বশে) ঘামতে শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘আইপিএল সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমাদের দল যখন খেলে আমরা সকলেই আমাদের টেলিভিশন সেটের সামনে থাকি, তাদের দেখা আকর্ষণীয় এবং আমরা সবাই খুব চাপে থাকি।’

চলতি আসরে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা ২৭৭ রানের সেই রেকর্ড ছয়দিন পরই প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা। তবে তার আগেই জুহি এই সাক্ষাৎকার দিয়েছেন। হায়দরাবাদের স্কোর দেখে অবাক হয়ে গিয়েছিলেন জুহি চাওলা। তিনিও নাকি চেয়েছিলেন কলকাতাও এমন রান করুক। এরপরই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে ২৭২ রান তোলে নাইটরা। সেই ম্যাচ তারা ১০৬ রানে জিতেছিল। এখন পর্যন্ত তিন ম্যাচ জিতে কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

উল্লেখ্য, বলিউডে শাহরুখ খান এবং জুহি চাওলার জুটি বরাবরই দর্শকপ্রিয়। পর্দায় একসঙ্গে কাজ করার পর জুটি বেধে আইপিএলেও দল কেনেন তারা। এরপর তাদের দুজনকেই প্রায়ই মাঠে দলের খেলায় হাজির হয়ে উল্লাস করতে দেখা যায়। তবে শাহরুখের বকা খাওয়ার ভয়ে এখন নাকি আর মাঠে যান না জুহি চাওলা!