রোববার (৪ অক্টোবর) দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে নিজের চুক্তি নবায়ন নিয়ে প্রশ্ন আবারও এড়িয়ে গেছেন এবং লিওনেল মেসির বিদায় নিয়েও কথা বলেছেন।
স্কালোনি বলেন, ‘প্রথমার্ধ ভালো ছিল। আমরা ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামিয়ে এবং তরুণদের, যাদের কারো কারো অভিষেক হয়েছে, খেলার সুযোগ দিয়ে তাদের মানিয়ে নেওয়ার সময় দিতে হয়েছে। সব মিলিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’
নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, ‘এখনও কোনো খবর নেই। যখন কিছু হবে, তখন আমরা জানাব, সেটি ভালো খবর হোক কিংবা ততটা ভালো না হোক।’
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও স্কালোনি বলেন, ‘এ ধরনের অভিজ্ঞতা থেকে সবসময়ই কিছু শেখা যায়।’ তিনি দলের ম্যাচের প্রতি মনোভাবের প্রশংসা করেন। তার মতে, ‘এগিয়ে থাকলেও তারা কখনোই ঢিল দেয়নি।’
তিনি স্বীকার করেন, ‘কখনো কখনো এমন ম্যাচ আসে, যেগুলো খেলা খুব আনন্দদায়ক নয়।’ তবে তার মতে, ‘সবাইকে একইভাবে খেলতে হবে, কারণ মানুষ টিকিট কিনে এসেছে এবং আমাদের তাদের, প্রতিপক্ষকে ও জাতীয় দলের জার্সিকে সম্মান করতে হবে।’
নভেম্বরের ম্যাচগুলো নিয়ে স্কালোনি বলেন, ‘আমি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চাই।’ তবে তিনি যোগ করেন, ‘আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই; যেসব দল পাওয়া যাচ্ছে, তাদের নিয়েই আমরা ভাবছি।’
মেসির বিদায় নিয়ে স্কালোনি:
আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন লিওনেল মেসি।
মেসির বিদায় নিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলোই পূর্ণ হয়ে যেত। আমি চারদিক থেকে বার্তা পেয়েছি, হাহা। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে; এখন শুধু মুহূর্তটা উপভোগ করার বাকি। আমরা সবসময় বলি, সে চলে গেলে একটা শূন্যতা ও নস্টালজিয়া তৈরি হবে, আর এখন সে আর এখানে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সবাই আবেগাপ্লুত হবে। মেসিও হবে। সে যেদিন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেদিনটি সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে। তার এই বিশেষ দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। তাই যতটুকু সময় বাকি আছে, আমরা সেটুকু উপভোগ করব।’
মেসির উত্তরাধিকার সম্পর্কে স্কালোনি বলেন, ‘তার উত্তরাধিকার হলো সবসময় দলের সঙ্গে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার শেষে চলে যেত। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচকে যেভাবে গ্রহণ করে, এসব বিষয় অন্যরা হয়তো দেখতে পায় না, কিন্তু তার সতীর্থরা দেখে। আর সে হতে পারে সবচেয়ে ভালো উদাহরণ। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেলা চালিয়ে যেতে হবে, কিন্তু মাঠে তাকে থাকার অনুভূতিটা একেবারেই আলাদা। একটি ফুটবল মাঠে সে যে অনুভূতি ও প্রভাব তৈরি করে, অন্য কারও কাছ থেকে আমি এমন কিছু কখনো দেখিনি। সেটিই আমরা সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল চলতে থাকবে।’











