কুমিল্লারবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৪, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭ কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন অভিযানে আটক এসব কিশোরকে আদালতের নির্দেশে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সর্বশেষ রোববার সকালে আরও দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের মাধ্যমে কারাগারে আসা কিশোরদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আর যারা প্রাপ্তবয়স্ক, তাদের কারাগারে রাখা হয়েছে।

অপ্রতীম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে জেলা পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান শুরু করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর গভীর রাত পর্যন্ত পাঁচ দিনের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত দুই সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে ৮৩৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া যাচাই বাছাই শেষে মুচলেকা নিয়ে এক হাজার ২০৯ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মুচলেকায় ছাড়া পাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী।

এদিকে অভিযানে আটক অপ্রাপ্তবয়স্কদের আদালতের নির্দেশে পর্যায়ক্রমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭ কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।