কুমিল্লাসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান উপাচার্যের

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

“আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন”—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসনের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। রোববার (৫ অক্টোবর) কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, “আমরা অপ্রতিমকে খুঁজে পাইনি। অপ্রতিমের লাশটি খুঁজে পেয়েছি। তার কিছুক্ষণ পরে হলে হয়তো আমরা সেই লাশটি খুঁজে পেতাম না। আজকে তাই আমাদের ছাত্রছাত্রীদের যে প্রাণের আবেদন, যে আকুল আবেদন আপনাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তার খোঁজে আমাদের কাছে সমস্ত কিছুই আছে, আমাদের কাছে নিরাপত্তা নাই।”

তিনি বলেন, “আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। শতভাগ নিশ্চয়তা হয়তো করা সম্ভব নয়, এটা আমিও জানি। কিন্তু আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের ওপর অর্পিত সরকারি দায়িত্ব, আপনাদের ওপর অর্পিত সামাজিক দায়িত্ব থেকে যদি আপনারা রেসপন্স করেন, আমি মনে করি পরিস্থিতির অনেকটুকু উন্নয়ন আমরা ঘটাতে পারব।”

মতবিনিময় সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় কুমিল্লা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।