ট্টগ্রামের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় ছিনতাইকারী ধরার চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
সিএমপি সূত্র জানায়, রোববার ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এ সময় এক ছিনতাইকারীকে আটক করার চেষ্টা চালানোর সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় বাসের ধাক্কায় আল আমিন গুরুতর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।












