কুমিল্লারবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি!

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। অবসর কাটানোর এই সময়েও প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। তাদের শুভেচ্ছা ও ভালোবাসার মাঝেই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে। টিওয়াইসি স্পোর্টস

ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী চুক্তিপত্র তৈরি করে নিয়ে আসে। কাগজটিতে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য ছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ যেন আরও দীর্ঘ হয়। শিশুটির আবদারে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। এ সময় বাড়ির সামনে অপেক্ষায় থাকা অন্য সমর্থকদের সঙ্গেও তিনি ছবি তোলেন ও অটোগ্রাফ দেন।

তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে বলেন, ‘এবার আপনার পালা।’ শিশুটির এই বার্তার অর্থ, স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার উদ্যোগ এখন এএফএরই নেয়া উচিত।

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে মূলত ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর তার এক মন্তব্যকে ঘিরে। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তি রয়েছে এবং এরপর হয়তো বিরতি নিতে পারেন। সেই মন্তব্যের পর থেকেই তার দায়িত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এএফএর অবস্থান স্পষ্ট। সংস্থাটি চায়, স্কালোনি যেন জাতীয় দলের কোচ হিসেবে তার সফল অধ্যায় আরও দীর্ঘায়িত করেন। সেই বার্তাই সম্প্রতি এক আবেগঘন ভিডিওতে তুলে ধরেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। ভিডিওতে তিনি বলেন, আর্জেন্টিনার ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি এবং সেই পথচলায় স্কালোনিকে আবারও পাশে চান তারা। অতীতের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভবিষ্যতেও একসঙ্গে আরও বড় অর্জনের আশা প্রকাশ করেন।

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্কালোনির সামনে আরও দুটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। এরপরই আর্জেন্টিনা দলের প্রধান কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।